গত তিন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলে বৈধতা দিয়েছে—এমন বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং–এর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন,‘ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে আমরা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি, আগত নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকগণ অংশ নেবেন। তবে, যেসব সংস্থা বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে অন্ধভাবে ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছে, তাদের এবার আমন্ত্রণ জানানো হবে না।’
এএমএম নাসির উদ্দিন জানান, কানাডার হাইকমিশনার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন তাঁর কাছে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রস্তুতির তথ্য উপস্থাপন করেছে।
সিইসি বলেন, ‘কানাডা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। এ বিষয়ে তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, এই বিষয়ে কানাডা থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাওয়া যাবে আশা করছি।
বৈঠক শেষে কানাডার হাইকমিশনার বলেন, নির্বাচন কমিশনের অঙ্গীকারে তারা সন্তুষ্ট এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কানাডা সহযোগিতা করবে।

















