⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল খননসহ করবেন নানা প্রকল্প উদ্বোধন

HTML tutorial

আগামী ১৬ মে খাল খননসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে ৭৫০ কিলোমিটার খাল খননের প্রস্তাব জমা দিয়েছে স্থানীয় সরকার, কৃষিসহ ৪টি বিভাগ। জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে ৫০ কিলোমিটার খননের কাজ শুরু হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী এলাকার পশ্চিম ও মধ্যাঞ্চলের দুটো খাল এখন মৃতপ্রায়। পানি সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে ইরি-বোরোর চাষাবাদ। পাশের গোবিন্দপুর ইউনিয়নের খালটিও প্রায় ভরাট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড খনন শুরু করলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ জটিলতায় বন্ধ আছে সংস্কার।

স্থানীয়রা বলছেন, নিয়মিত খাল খনন না করায় একদিকে বর্ষায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে, অন্যদিকে, শুষ্ক মৌসুমে ইরি-বোরো চাষাবাদের সেচ নিয়ে সংকটে পড়ছে কৃষক।

সরকার গঠনের পর সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে বিএডিসি, এলজিইডি, পাউবো এবং ত্রাণ ও দুযোর্গ বিভাগ মোট সাড়ে সাতশ কিলোমিটার খাল খননের প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ে।

বিএডিসির চাঁদপুর জোনের সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, ‘যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন যতটুকু বরাদ্দ পাওয়া যায়।’

পাউবো চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘যেগুলো খনন হয়েছে সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়াগত অবস্থায় আছে। আর যেগুলো সামনে খনন করা হবে সেগুলোতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন শুরু হবে।’

জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে প্রায় ৫০ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে। খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে, জানান তিনি।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খালের নাব্যতা ও পানি প্রবাহ ঠিক রাখা এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা নেব।’

জেলার ছোট–বড় দুই শতাধিক খালের পাড়ে নানা অবৈধ স্থাপনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খাল খননের সুফল পেতে পাড়ের অবৈধ দখল উচ্ছেদের তাগিদ এলাকাবাসীর।

HTML tutorial

Leave a Reply