নোয়াখালী সংবাদদাতা :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। প্রেস সচিব, ৩১ অক্টোবর শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কণ্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি নেই; এটাকে পেছানোর।
শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম সেটাই প্রধান উপদেষ্টা করবেন। ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।
২৪–এর গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে প্রেস সচিব বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।
তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কণ্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’। নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।

















