ঢাকা অফিস :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এর আগে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কার কথা জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ বিষয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।
ডিএমপির (মতিঝিল বিভাগ) উপ–কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ‘কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রটেকশন বিভাগ কাজ করে। তারা চাইলে জঙ্গি হামলার আশঙ্কা মোকাবিলায় যেকোনো পদক্ষেপ নেয়া হবে।’
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার আশঙ্কা নিয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করে গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন সিটিটিসি ইউনিটে সতর্কতামূলক নির্দেশনার একটি চিঠি পাঠানো হয়েছে। নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদের (যিনি সামী, আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত) সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাঁদের কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

















