মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘন্টা কমিয়ে আনল বাংলাদেশ সরকার। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে রোববার (৫ এপ্রিল) থেকে।
নতুন সময়সূচী অনুযায়ী, সপ্তাহের ৫ কর্মদিবসে (রোববার থেকে বৃহস্পতিবার) অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরিবর্তিত এই সময়সূচী সরকারি ও বেসরকারি- উভয় খাতের অফিসের জন্যই প্রযোজ্য হবে। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে আগের মতোই।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, অফিসের নতুন নির্ধারিত সময়সূচী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এছাড়া জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচীর আওতা বহির্ভূত থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, মন্ত্রিপরিষদ বিভাগের শনিবারের (৪ এপ্রিলের) নির্দেশনা অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং গ্রাহকদের ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘন্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

















