মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুর রহিম রাফি (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ শোবারঘর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে গলাকাটা মরদেহ দেখে তারা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত রাফি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রহিমপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফি প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান। পাশের কক্ষেই মা ও ছোটভাই শুয়ে ছিল। আজ দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি এবং মরদেহ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, রাতের কোনো এক সময় রাফিকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।’

















