শেরপুর সদর উপজেলা ও শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড বিএনপি এবং শেরপুর পৌরসভার ৯ ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
৬ সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে রাত পর্যন্ত পৃথকভাবে শেরপুর জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম। উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ২০১৮ সালের আলোচিত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির এবং শহর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাফরের সঞ্চালনায় শেরপুর পৌর বিএনপির পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উভয় সভায় অন্তত অর্ধশতাধিক নেতা বক্তব্য রাখেন। তারা ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য অনুরোধ করেন।
আলোচনা শেষে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সভায় সদর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৪টি ইউনিয়ন ও ১২৬টি ওয়ার্ড বিএনপির মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
অপরদিকে শহর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচনে জয়ী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের কমিটিতে চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত নেতাকর্মীদের বেঁছে নেয়া হবে। এছাড়াও দলের দুর্দিনে যারা কাজ করেছে এমন ত্যাগী নেতাদের সমন্বয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলো ঘঠন করা হবে।

















