দেওয়ানগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত আ. ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আ. ছালাম সোনাকুরা এলাকার বাসিন্দা মমতাজ আলীর ছেলে। সে জামালপুর আন্তজেলায় পেশাদার খুনি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এছাড়া খুন, ডকাতিসহ দেওয়ানগঞ্জ থানায় ৩টি মামলা রয়েছে। মাঝেমধ্যে সে ভারতেও পালিয়ে থাকতো। পরোয়ানাভুক্ত ওই আসামী দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তার গ্রেফতারের খবরে সন্তুষ্টি প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ছালাম প্রথমে ছোটখাটো চুরি-ছিনতাই করতো। এক পর্যায়ে দুর্ধর্ষ ডাকাত হয়ে ওঠে। এলাকার লোকজন তার ভয়ে তটস্থ থাকতেন। ক্রমান্বয়ে সে একজন পেশাদার ডাকাত ও খুনি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাকে উপযুক্ত বিচারের আওতায় আনা জরুরি।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আরাফাতুল হক খান জানান, আ. ছালাম একজন কুখ্যাত চোর, ডাকাত এবং ছিনতাইকারী। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। ওই আসামী বেশিরভাগ ভারতেই পলাতক থাকে। তার একাধিক স্ত্রীও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে নিজ বাড়িতে এসেছে। পড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

















