সাঈদ আহমেদ সাবাব :
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৯ আগষ্ট বিকেলে দুর্যোগপূর্ণ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল জেলা শহরে মিছিল বের করে। রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম। এসময় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক শেরপুর-১ সদর আসনের মনোনয়ন প্রত্যাশি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল প্রমুখ।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বিগতদিনে আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রশংসনীয় ভূমিকা ছিলো। আগামীতেও তারা এ সংগঠনের ঐতিহ্য ধরে রাখবে।
সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ বলেন, স্বেচ্ছায় সেবাদানের মনোভাব নিয়ে স্বেচ্ছাসেবক দলের কাজে মাঠে নামতে হবে। আগামীতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কাজ করবে।
শেরপুর-১ আসনের ২০১৮ সালের সাহসী ও আলোচিত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে লালিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গঠিত এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়, এমন কাজ করবে। ভালো কাজের সাথে আমরা আছি। আগামী নির্বাচনে শেরপুরের তিনটি আসনই তারেক রহমানকে উপহার দিতে আমরা ঘরে বসে না থেকে মাঠে ময়দানে নেমে পড়বো। ধানের শীষের জোয়ার তুলতে আমরা জনগনের ঘরে ঘরে যাবো। আমি যদি দলীয় মনোনয়ন পাই, আর শেরপুরবাসী আমাকে নির্বাচিত করে, তাহলে আমি শেরপুরকে মডেল শেরপুর হিসেবে গড়ে তোলবো।

















