শেরপুরে চিরাই কাঠবোঝাই ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদরের রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হালগড়া গ্রামের মোজাম্মেল হক (৪২) ও হোসাইন আহমেদ (১১)। সম্পর্কে তারা দাদা-নাতি।
স্থানীয়রা জানায়, চিরাই কাঠ বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যানে করে সদরের হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিল দাদা-নাতি। এসময় ভ্যানের একপাশে দাদা মোজাম্মেল বসা ছিলেন। আর ভ্যান চালাচ্ছিল তার নাতি হোসাইন। পথিমধ্যে বেলতলী বাজারের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হোসাইন মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা খুব মর্মান্তিক ঘটনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

















