নালিতাবাড়ির নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ: আহত-১, মোটরসাইকেলে আগুন, আটক-১৮
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র আহত, দুই মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ ছাত্রসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
ওই কলেজের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার হলে সিটে বসা নিয়ে একাদশ শ্রেণির দুই পরীক্ষার্থীর মাঝে বাক-বিতণ্ডা ও হাতাহাতিকে কেন্দ্র করেই আজ ১৫ জুলাই দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।এ ঘটনায় কলেজের প্রথম বর্ষের ছাত্র শকিল আহমেদকে ক্ষুর দিয়ে আঘাত করলে আহত হয়।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আজ ১৫ জুলাই দুপুর একটার সময় হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা কেন্দ্রে হলে বসা নিয়ে নন্নী এলাকার আকাশ ও নালিতাবাড়ী উপজেলা সদরের ফরহাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর নালিতাবাড়ী পৌছলে সেখান থেকে ফরহাদের ২০/২৫ জন বন্ধু কলেজে এসে শাকিল আহমেদের ওপর হামলা করে এবং ক্ষুর দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ও ছাত্ররা নালিতাবাড়ী থেকে আসা ছাত্র ও বহিরাগতদের ওপর হামলা চালায়। একইসাথে তাদের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুরিয়ে দেয়।
এসময় তাদেরকে পিটিয়ে কলেজের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। অবরুদ্ধ করে রাখা হয় কলেজের শিক্ষকদেরও। আহত শাকিল আহমেদকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের প্রভাষক রুপচান আহমেদ মুরাদ বলেন, দুই ছাত্র সিটে বসা নিয়ে ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই এতবড় একটা ঘটনা ঘটেছে।
শেরপুরের নালিতাবাড়ী সার্কেলের এএসপি আহসান আল আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
















