বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় নিষিদ্ধ ঘোষিত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.আব্দুস সামাদ আজাদকে (৩১) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজাদ মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি। মৌলভীবাজার সদর থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, বুধবার সকালে আব্দুস সামাদ আজাদ ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টের পুলিশ ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাঁর পাসপোর্ট বহির্গমন ইমিগ্রেশন পুলিশ ডেস্কে জমা দিলে পুলিশ অফিসার তাঁকে সন্দেহাতীতভাবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তিনি ছাত্রলীগ নেতা বলে জানা যায়। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত হন পুলিশ। পরে তাঁকে পাসপোর্টসহ গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
আসামি আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পুলিশ।

















