⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মাগুরায় সাবেক এসপি-ইউএনও-ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

HTML tutorial

মাগুরার সাবেক পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মামলা হয়েছে। গতকাল সোমবার মাগুরা সদর আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল রুমন শেখ।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের আগস্ট মাসে রুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেখ মুজিবুর রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি লেখা প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। এই মামলার প্রধান আসামি করা হয়েছে তৎকালীন মাগুরা সদর ইউএনও আবু সুফিয়ানকে।

অভিযোগে বলা হয়েছে, ইউএনও নিজ কক্ষে নিয়ে রুমনকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরবর্তীতে তৎকালীন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, সদর থানার ওসি সিরাজুল ইসলাম ও এসআই আল এমরান আরও নির্যাতন চালান।

এই মামলার জেরে রুমনকে ১৬৮ দিন জেলহাজতে থাকতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মো. মিনহাজ জানান, ‘মামলাটি বিচারকের কাছে উপস্থাপন করা হয়েছে, এখন আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছি।’

তিনি জানান, ফেসবুকে লেখার কারণে রুমনের ওপর যে নির্যাতন করেছিল তৎকালীন প্রশাসন, তা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছু নয়। মামলাটি আদালত আমলে নিয়ে সিআইডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ফয়সাল রুমন বলেন, ‘আমাকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছিল তখন। ফেসবুকে লেখা দোষের কিছু না। ব্যক্তিগতভাবে আমি লিখতে পারি। আমাকে রুমের ভেতর ঝুলিয়ে পিটিয়েছিল তারা। তখনকার ইউএনও, সদর থানার ওসি এবং এসপির নির্দেশে আমার সাথে তারা অমানুষিক নির্যাতন করে। আমি চাই এই মামলার মধ্য দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।’

HTML tutorial

Leave a Reply