রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বিমান বাহিনীর প্রধান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ৩১। পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছেন খালি জায়গায় বিমান ল্যান্ড করাতে। কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারান। বিমান থেকে বের হতে বিলম্ব হওয়ায় তিনি জীবন দিতে বাধ্য হন।
এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘আহতদের সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশবাসীর প্রতি অনুরোধ দয়া করে সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না। বাংলাদেশের বিমান বাহিনী অনেক শক্তিশালী। দয়া করে এর স্তম্ভকে দুর্বল করবেন না।’
তিনি বলেন, ‘সমস্যার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহত-নিহতের সকল তথ্য আমরা আইএসপিআরের মাধ্যমে তাৎক্ষণিক জানিয়ে দিচ্ছি। এখানে লুকোচুরির কিছু নেই।’
বিমান বাহিনী প্রধান বলেন, ‘বিমান সহজে পুরোনো হয় না। সঠিক রক্ষণাবেক্ষণ করলে দুই-তিন যুগ কোনো ব্যাপার না। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিমান ছিল। ইঞ্জিন যে কয় ঘণ্টা চলার ততোটুকই চালানো হয়। প্রযু্ক্তি পুরাতন হতে পারে, তবে এর লাইফটাইম যতটুকু ততটুকুই আমরা ইউজ করি। এরপরও বিপদ বলে আসে না। তদন্তের আগে দয়া করে কেউ বিরুপ মন্তব্য করবেন না।’

















