কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ রোববার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে ওসি মহিনুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন। গুলিতে আহত হওয়ার পরদিন ১৬ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ঘটনার পর আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘ একবছর তদন্ত শেষে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন ভাইয়ের সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁর বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘীর দক্ষিণপাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জে।

















