শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার ঐতিহাসিক তিলকখালি খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার সকাল ১১টায় সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালি এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) আয়োজিত অনুষ্ঠানে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু,সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক,সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান,এস এম মনিরুজ্জামান দুদু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নেত্রকোনা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিন।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে প্রায় ৪ হাজার ২০ মিটার দৈর্ঘ্যের তিলকখালি খালটি পুনঃখনন করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান,খালটি পুনঃখনন সম্পন্ন হলে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও অনেকাংশে সমাধান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
















