শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে সংঘটিত বোমা হামলায় নিহতদের স্মরণ এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে জেলা শহরের অজহর রোডে ট্র্যাজিডি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ।
মানববন্ধনে বক্তারা বলেন,যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে সংঘটিত বোমা হামলার ২৭ বছর পেরিয়ে গেলেও ওই ট্র্যাজিডিতে নিহত ১০ জনের হত্যাকারীদের বিচার আজও সম্পন্ন হয়নি। তারা অবিলম্বে এই মামলার বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মুস্তাফিজুর রহমান খান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক হারাধন সাহা,মোখলেসুর রহমান,নারায়ণ কর্মকার,সহ-সাধারণ সম্পাদক রাজন ভদ্র এবং জাতীয় সংগীত সম্মিলনী পরিষদের নেত্রকোনা জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবজ্যোতি জনি।
বক্তারা বলেন,যশোরের সেই নৃশংস বোমা হামলা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ সময় পার হলেও এর সুষ্ঠু বিচার না হওয়ায় সাংস্কৃতিক কর্মীসহ সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা দ্রুত বিচারের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

















