শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে নিহত জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি নিহতের শিশু সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করেন এবং অঝোরে কাদেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। কবর জিয়ারতকালে তিনি নিহতের বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তিনি নিহত রেজাউল করিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন জামায়াত আমির। এ সময় রেজাউল করিম হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
কবর জিয়ারতের সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রোববার সকাল ১১টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে গোপালখিলা খেলার মাঠে অবতরণ করেন। কবর জিয়ারত শেষে তিনি পুনরায় হেলিকপ্টারে করে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে যান। সেখানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও উঁচু ভবনগুলোতে অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করেন।

















