ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর রাতে শ্বশুর বাড়ি থেকে জামাতা ও নাতনির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই বাড়ির জামাতা রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। রতন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সঙ্গে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন। দুই বছর আগে স্বামী-সন্তানকে রেখে দুবাই চলে যান জুলেখা। গত বছর ছুটি কাটিয়েও যান জুলেখা। সম্প্রতি ফের ছুটিতে বাড়িতে আসেন তিনি। তবে এবার স্বামী রতন স্ত্রীকে বিদেশ না যাওয়ার জন্য বলেন। এ নিয়ে কয়েকদিন ধরে এই দম্পতির মধ্যে বিরোধ চলছিল।
এদিকে রতনের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাগ্বিতণ্ডার জেরে রতন ও তাঁর মেয়েকে গলা কেটে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















