রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওমর ফারুক কীভাবে মারা গেছে তা জানা যায়নি।
আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, ওমর ফারুকের বাড়ি হাজারীবাগের বউবাজার ট্যানারির মোড় এলাকায়। তিনি মাছ ব্যবসায় তাঁর বাবাকে সহায়তা করতেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিল বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
এসআই খলিল আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, সকালে ওমর ফারুক ধানমন্ডি লেকে ঘুরতে গিয়েছিলেন। তবে তিনি নিজে পানিতে পড়ে গেছেন, নাকি কেউ ফেলে দিয়েছে—এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

















