সুন্দরবনে ঘুরতে এসে কারমেল নোয়েলেন (৫৫) নামে এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী স্টেশনের সুপতি খাল এলাকায় পর্যটকবাহী এমভি আলাস্কা লঞ্চে বসে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
কারমেল নোয়েলেন আয়ারল্যান্ড থেকে স্বামীর সঙ্গে বাংলাদেশের সুন্দরবনে ঘুরতে আসেন।
খুলনা অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, ‘গতকাল শুক্রবার সকালে খুলনা থেকে এমভি আলাস্কা লঞ্চে করে স্বামীর সঙ্গে কারমেল নোয়েলেন সুন্দরবন ঘুরতে আসেন। আজ বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী স্টেশনের সুপতি খাল এলাকায় পর্যটকবাহী এমভি আলাস্কা লঞ্চে কারমেল নোয়েলেন হঠাৎ বুকে ব্যাথা উঠে অসুস্থ হয়ে পড়েন।’
পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আরও বলেন, ‘ওই লঞ্চে থাকা চিকিৎসক দ্রুত এসে অসুস্থ নারী পর্যটককে পরীক্ষা–নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি।’
লঞ্চ কর্তৃপক্ষ এই সংবাদ স্থানীয় প্রশাসনসহ নৌপুলিশকে জানালে পাশে থাকা ধানসাগর নৌপুলিশ ক্যাম্পের সদস্যরা সেখানে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মঞ্জুর মোর্শেদ।
পুলিশ সুপার বলেন, ‘কারমেল নোয়েলেন আয়ারল্যান্ডের নাগরিক। তিনি পেশায় কী, বাংলাদেশে কবে এসেছেন– বিস্তারিত এখনো জানতে পারিনি।’

















