শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শেরপুর জেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা শহরের রঘুনাথ বাজারে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেলে বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি’র উদ্দ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহর প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ফজুলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপন, প্রকৌশলী ফাহিম চৌধুরী, শহর বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব মোঃ আবু জাফর, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আতাহার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকি বাবু, সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান উজ্জল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে মাঠে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















