⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৫ হাজার টাকায়

HTML tutorial

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার সকালে সাগরে গিয়ে নাসির মাঝি নামের ওই জেলের জাল তুলতেই ইলিশটি উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি করা হয়।

নিলামের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয় ৫ হাজার ১৭০ টাকায়। মাছটি কিনেছেন ব্যবসায়ী ছগির হোসেন। তিনি ঢাকায় নিয়ে মাছটি বিক্রি করবেন বলে জানিয়েছেন।

ছগির হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি ধরে বিক্রির জন্য আড়তে আনা হয়। এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেবো।’

জেলে নাসির মাঝি বলেন, ‘আজকে ট্রলারে একটা মাছই পাইছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। আমি যে মাছটি পাইছি এটি সাইজে বড় হওয়ার কারণে অনেক টাকায় বেচতে পারছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ মূলত জেলেদের জন্য খুশি বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। তখন দামটা কমে আসবে।’

HTML tutorial

Leave a Reply