নীলফামারীর ৩০টি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে প্রায় সাত বছর ধরে ব্যাহত ইন্টারনেট সেবা। মডেম ও মোবাইল ডেটা ব্যবহার করছেন উদ্যোক্তারা। এ কারণে গুণতে হচ্ছে বাড়তি টাকা। অপচয় হচ্ছে সময়। স্থানীয়রা বলছেন, সংযোগ চালুর দুই বছরের মাথায়ই মুখ থুবড়ে পড়ে সেবা কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, ক্যাবল কাটা পড়ায় এই সংকট। দ্রুতই সার্ভার মেরামতের আশ্বাস দিয়েছেন তাঁরা।
২০১৬ সালে নীলফামারীতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে তথ্যসেবা ও ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হয়। তবে সংযোগের দুই বছরেই অকেজো হয়ে পড়ে তথ্যসেবা কেন্দ্রের ফাইবার হোমগুলো।
স্থানীয়রা বলছেন, সার্ভার সমস্যার কারণে বিপাকে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জরুরি কাজ সারতে নষ্ট হচ্ছে দীর্ঘ সময়। তথ্যকেন্দ্রে সেবা দিতে মডেম ও মোবাইল ডাটা ব্যবহার করছেন উদ্যোক্তারা। এতে গুণতে হচ্ছে বাড়তি খরচ।
নীলফামারী বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সহকারী ব্যবস্থাপনা পরিচালক এস এম বিষু চন্দ্র রায় বলেন, নীলফামারীর ৩০টি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে প্রায় সাত বছর ধরে ব্যাহত ইন্টারনেট সেবা। রাস্তায় সংস্কারকাজের সময় তারকাটা পড়ায় এই সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিগগিরই সার্ভার মেরামত করা হবে।

















