গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি। বিকেল ৫ টার দিকে শহরের অষ্টমীতলায় আন্ত:জেলা বাসটার্মিনালের সামনে গাছের গুড়ি ফেলে সড়ক ব্লক করে মহাসড়কে অবস্থান নেন তারা।
সেখানে শেরপুরের সাথে ঢাকা ও উত্তরবঙ্গে চলাচলের সকল যানবাহন বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় যানচলাচলের বিঘ্ন ঘটে ও যানযটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা।
এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,’ ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।
শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুনুর রহমান বলেন, গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান।
এসময় এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে ব্লকেড কর্মসূচিতে ছিলেন, শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুনুর রহমান, শাহানুর ইসলাম সায়েম, তৌহিদুর রহমান, মোর্শেদ জিতু, মনিবুল ইসলাম ও আরাফাত তালুকদার।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারি তান্না ইসলাম ও সদস্য রাশেদ ইসলামসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

















