⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

HTML tutorial

মনির হোসেন, মোংলা: ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে সেদেশের কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৯১ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে জেলেদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের নিকট হস্তান্তর করে কোস্টগার্ড।

সোমবার (৮ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড ৪ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন রবিবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হতে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে।

পরবর্তীতে ৮ জুন সোমবার দুপুর ১২টায় কোস্টগার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply