মনির হোসেন: নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ১ টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন বোয়ালিয়া এলাকায় গত ২১ মে বৃহস্পতিবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুৎ এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক ১ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত সন্ত্রাসী বিদ্যুৎকে আটক করা হয়। এসময় সন্ত্রাসীর অনুসারীরা বাধা প্রদানের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী কর্তৃক ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, উক্ত আসামি ইতোপূর্বে বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশ কর্তৃক আটক হয়েছিল। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















