শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় ২০মে বুধবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই মারা যায় শেরপুর শহরের নবীনগর মহল্লার গৃহবধূ সুজানা বেগম (৩০) ও অজ্ঞাত এক যুবকসহ দুই জন। আহত হন আরো ৫ জন।
দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এছাড়া আরও একজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আরো দুইজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করে।
নিহত সুজানা বেগমের স্বজনরা অভিযোগ করেন হাইওয়ে সড়ক দখল করে ধান মাড়াই করার কারণেই এ দূর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ঘাতক ড্রাম ট্রাক আটকসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
















