দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
নাসীরুদ্দীন বলেন, ‘ইসি ধীরগতিতে এগোচ্ছে। নির্বাচন কমিশন এনসিপির থেকে একধাপ এগিয়ে শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে। এনসিপি এতে সন্তুষ্ট। এনসিপি ‘শাপলা কলি’ নেবে।’
এনসিপির এ নেতা আরও বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। তবে কেউ আক্রমণ করলে এনসিপি বসে থাকবে না।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গত সেপ্টেম্বরের শেষে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া ‘শাপলা’ প্রতীক রাখা হয়নি। পাশাপাশি স্থগিত রাখা হয় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক। আর জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনর্বহাল করা হয়।
তবে প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে বরাবরই অনড় অবস্থানে থাকার কথা জানিয়ে আসছিল এনসিপি। এর মধ্যে গত বৃহস্পতিবার প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে মোট ১১৯টি প্রতীক রাখা হয়েছে। এনসিপির শীর্ষ নেতারা ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও শেষ পর্যন্ত ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে রাজি হয়েছেন।

















