কিশোরগঞ্জ সংবাদদাতা :
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দুজনই আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে গভীর রাতে ফল ঘোষণা করেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সভাপতি পদে মো. শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পেয়েছেন ১৯৭ ভোট। এ পদে বাতিল হয় ১২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম ১ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ৬১১ ভোট। অপর দুই প্রার্থী সাজ্জাদুল হক ভোট পেয়েছেন ৭টি এবং শফিকুল আলম রাজন ৩০ ভোট পেয়েছেন। এ পদে বাতিল হয় ৩৩টি ভোট।
জেলার ১৩টি উপজেলার ১৩টি ও ৮টি পৌরসভার ৮টি মিলিয়ে মোট ২১টি ইউনিট কমিটির ২ হাজার ৯০ জন কাউন্সিলর এ নির্বাচনে ভোট প্রদান করেন।
এরআগে, ২০ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ ত্রি-বার্ষীক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

















