⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভাঙ্গায় শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত

HTML tutorial

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসকের আশ্বাসে ও দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি এড়াতে আজ মঙ্গলবার দুপুর ১টার পর থেকে অবরোধ স্থগিত করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে জানায় আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা আগামী রোববারের মধ্যে তাদের ৫ দফা দাবি যদি মেনে নেওয়া না হলে আবার লাগাতার আন্দোলন শুরু হবে বলে জানান। আলগী ইউনিয়নের বাসিন্দা ও নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক পলাশ মিয়া ও সদস্য জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করে এমন তথ্য জানান।

গতকাল সোমবার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যা।

ইসি সচিব বরাবর চিঠিতে বলা হয়, ‘ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ইসি ফরিদপুর-৪ এর অন্তর্গত দুইটি ইউনিয়ন, আলগী ও হামিরদী জাতীয় সংসদীয় আসন ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করে। গেজেট তালিকা প্রকাশ হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ ওই আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। ফলে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। সবশেষ ১৫ সেপ্টেম্বরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। ফলে, দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সাথে যোগাযোগ বন্ধ হওয়ায় তীব্র ভোগান্তিতে পড়ে জনসাধারণ।’

চিঠিতে আরও বলা হয়, ‘বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রেখেছে। উক্ত দুইটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সাথে যুক্ত আছে। ফলে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে। তাই জাতীয় সংসদীয় আসন ২১২ ফরিদপুর- ২ (নগরকান্দা ও সালথা) এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন আলগী ও হামিরদীকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হলো।’

এদিকে, ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদসহ সরকারী দপ্তরে হামলাকারীদের বিচারের দাবিতে ভাঙ্গায় শান্তি মিছিল করেছে উপজেলা বিএনপি। এতে অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়।

মিছিলটি ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাঙ্গা এক্সপ্রেস দক্ষিণপাড়া পর্যন্ত বিভিন্ন সড়ক অতিক্রম করে। পরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ করে বিএনপি।

এ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলি বলেন, ‘শুরু থেকেই ভাঙ্গাবাসীর আন্দোলনের সাথে বিএনপি জড়িত ছিল এবং নেতৃত্ব দিয়ে আসছিল। বিষয়টি উচ্চ আদালতে যাওয়ার পর আমরা আন্দোলনে ছিলাম না। তবে এর মধ্যে ফ্যাসিস্টদের দোসররা ঢুকে গতকাল সোমবার ভাঙচুর করে এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এ ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাই।’

সৈয়দ মোদারেস আলী আরও বলেন, ‘শুধু ভাঙ্গা উপজেলা ফরিদপুর–৫ নামে একটা সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে তৎকালীন ইসি ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসন নিয়ে আসন গঠন করে ফরিদপুর–৪ নামে। সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নটি ফরিদপুর–২ আসনের সাথে জুড়ে দেওয়া হয়। তখন থেকেই আমরা ফরিদপুরের পাঁচটি আসন ফিরে পাওয়ার জন্য আন্দোলন করে আসছিলাম। কিন্তু বর্তমান ইসি গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী কেটে নগরকান্দা সালথা নিয়ে গঠিত ফরিদপুর–২ এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা অভিন্ন ভাঙ্গা চাই এবং আমাদের কেটে নেওয়ার দুটি ইউনিয়ন ভাঙ্গাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। পাশাপাশি বলতে চাই ফরিদপুরের পাঁচটি আসন রক্ষার আমাদের যে আন্দোলন তা অব্যাহত আছে।’

মোদাররেস আরও বলেন, ‘এ ব্যাপারে হাইকোর্ট রিট করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। আশা করি ওই দিন আমরা ন্যায়বিচার পাব।’

HTML tutorial

Leave a Reply