⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ন্যায্যমূল্যের চাল ওজনে কম দেওয়ায় গণ অধিকার পরিষদের দুই নেতা কারাগারে

HTML tutorial

পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালীর গলাচিপায় ন্যায্যমূল্যের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে গণ অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন—রতনদি-তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া (৪২) এবং তাঁর ছোট ভাই ও ডিলার সাগর হোসেন ওরফে দুদা (৩২), যিনি ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরবরাহ করতেন।

স্থানীয় উপকারভোগীদের অভিযোগ, সাগর হোসেন কার্ডপ্রতি ৩০ কেজি চালের পরিবর্তে ২৪–২৬ কেজি করে চাল দিচ্ছিলেন এবং নতুন কার্ডের নামে অতিরিক্ত ২৫০ টাকা করে নিচ্ছিলেন। বিষয়টি জানার পর যৌথ বাহিনী অভিযানে চাল কম দেওয়ার প্রমাণ পায় এবং দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মাহামুদুল হাসান বাদী হয়ে মামলা করেন। থানার ওসি আশাদুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে ঘটনার পর গণ অধিকার পরিষদের উপজেলা সদস্যসচিব জাকির হোসেন মুন্সি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দাদন মিয়া ও সাগর হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

HTML tutorial

Leave a Reply