⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কোহলি-রোহিতের অবসর নিয়ে মাথাব্যথা নেই ভারতের

HTML tutorial

বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন, নাকি সে বিশ্বকাপে ভারত দলের পরিকল্পনায় এ দুজনের জায়গা নেই- এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতীয় ক্রিকেটাঙ্গন। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণকে আগেই বিদায় বলেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। চালিয়ে যাচ্ছেন শুধু ওয়ানডে সংস্করণ। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যমে উঠে আসে, বয়স ও ফিটনেস বিবেচনায় পরের বিশ্বকাপে নাও দেখা যেতে পারে কোহলি-রোহিতকে।

এ নিয়ে চলমান বিতর্ক আর আলোচনা-সমালোচনার মাঝে নতুন খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। বিসিসিআই কর্মকর্তার বরাতে পিটিআই জানিয়েছে, কোহলি-রোহিতের খেলা-না খেলা নিয়ে একদমই চিন্তিত নয় দেশটির ক্রিকেট বোর্ড। এ নিয়ে বোর্ডে কোনো আলোচনাও হয়নি বলে জানান সেই সূত্র। অন্যদিকে দেশটির সাবেক অধিনায়ক ও প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, দুজনেরই ওয়ানডে চালিয়ে যাওয়া উচিত।

তা কোহলি-রোহিতের ওয়ানডে দল থেকে বাদ পড়ার গুঞ্জনটা শুরু হলো কোথা থেকে? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের এক প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি-রোহিত। সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়, যদি এই দুই তারকা ক্রিকেটার ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চান, তবে ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিজয় হাজারে ট্রফিতে অংশ নিয়ে ‘যোগ্যতা’র প্রমাণ দিতে হবে। জাগরণের প্রতিবেদনে আরও দাবি করা হয়, বিসিসিআইয়ের এমন শর্তই দুজনকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে।

তবে বিসিসিআইয়ের এক সূত্র নাম না প্রকাশ করার শর্তে পিটিআইকে জানিয়েছেন, বোর্ড আপাতত কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে একেবারে চিন্তিত নয়। বরং তাদের পুরো মনোযোগ এখন আসন্ন এশিয়া কাপ ও পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে।

বিসিসিআই সূত্র পিটিআইকে বলেছেন, ‘যদি ওদের (কোহলি ও রোহিত) মনে (অবসর নিয়ে) কিছু থাকে, তবে বিসিসিআইকে সেটা জানাতে পারে। যেমনটা ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের আগে জানিয়েছিল। কিন্তু ভারত দলের কথা বিবেচনা করলে, পরের বড় লক্ষ্য হচ্ছে ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ ও সেটার প্রস্তুতি। এছাড়া এখনকার মনোযোগ এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা টি-টোয়েন্টি দল পাঠানোর দিকে। আশা করছি, সব খেলোয়াড় ফিট থাকবে।’

পিটিআইয়ের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কোহলি-রোহিতের ব্যাপারে বিসিসিআই কখনোই হঠাৎ করে সিদ্ধান্ত নেবে না। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ২৫ অক্টোবর দুজনের বিদায়ী ম্যাচের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটাকেও গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন তিনি। বিসিসিআই সূত্র পিটিআইকে নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত বোর্ডে এ নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।

কোহলি-রোহিতকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটা জানেনা বলে মন্তব্য করেছেন সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক এ অধিনায়কের ভাষায়, আমি এ বিষয়ে কিছুই জানি না। তাই কোনো মন্তব্য করতে পারছি না।’

তবে দুই তারকা ক্রিকেটারকে ঘিরে নিজের অনুভূতির কথা জানিয়েছেন গাঙ্গুলী। তাঁর চাওয়া, কোহলি-রোহিত ওয়ানডে যেন চালিয়ে যায়। এ প্রসঙ্গে পিটিআইকে গাঙ্গুলী বলেছেন, ‘এটা (দুজনের অবসর) নিয়ে বলা কঠিন। (আসন্ন ওয়ানডে সিরিজগুলোতে) যে ভালো করবে, সেই খেলবে। ওরা (কোহলি-রোহিত) যদি ভালো করে, ওদের (ওয়ানডে) চালিয়ে যাওয়া উচিত। কোহলির ওয়ানডে রেকর্ড অসাধারণ, রোহিত শর্মারও তাই। দুজনেই সাদা বলের ক্রিকেটে অসাধারণ।’

HTML tutorial

Leave a Reply