নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার রাতে ওমান প্রবাসী মো. বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, এ মামলায় আসামি করা হয়েছে মাইক্রোবাস চালক লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে এনায়েত হোসেনকে। মামলার পরবর্তী কার্যক্রম চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দেখবে।
গত বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে মো. বাহার উদ্দিন নামে এক ওমানপ্রবাসীকে নিয়ে তাঁর স্বজনেরা লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী গ্রামের বাড়িতে ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতরা হলেন, বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।
পুলিশ সূত্রে জানা যায়, চালককে সতর্ক করার পরও চোখে ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

















