জনগণ রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং কথামালার রাজনীতি নয়, আমরা শুরু করি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি দিয়ে। বিএনপি বর্তমানে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করছে।’
এ সময় ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি মনে করেন, ফ্যাসিবাদমুক্ত দেশে ছাত্ররাজনীতিতেও পরিবর্তন প্রয়োজন।
তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে।’
শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেবো না: মির্জা ফখরুল শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেবো না: মির্জা ফখরুল
বিএনপি ক্ষমতায় গেলে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে এই সমাবেশের আয়োজন করে ছাত্রদল। এতে যোগ দেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রদল নেতা-কর্মীরা।
সমাবেশে ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। নয় দফা দাবি তুলে ধরে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন ছাত্রদল সভাপতি।

















