মহিলা দলের সভায় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল: ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদ হক রুবেল বলেছেন, আমরা সবাই ধানের শীষের কর্মী আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে এক হয়ে দলের কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।
শনিবার (২৬ জুলাই) রাতে ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের নেতা কর্মীদের সাথে ঝিনাইগাতী উপজেলা সদরে দলীয় কার্যালয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দ ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ লুৎফর রহমান উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দের সভাপতিত্বে বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের সভানেত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ। সাবেক এমপি আরো বলেন, মহিলা দলের নেতা কর্মীদের দায়িত্ব অনেক বেশি। কারণ এই নির্বাচনী এলাকায় মহিলা ভোটের সংখ্যা পুরুষ ভোটারের সমসাময়িক। তাই সবাইকে এখনই নির্বাচনী মাঠে নামতে হবে। মহিলা ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার জন্য আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। তাই তিনি মহিলা দলের নেতা কর্মীদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের বুঝানোর জন্য মহিলা দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় আপনাদের বিজয়। এই বিজয় শুধু আমাদের নেতা জনাব তারেক রহমানের এবং আমার বিজয় নয়। এই বিজয় হবে দলের নেতা কর্মী তথা আপামর জনসাধারণের। আর সেই জন্যই জনাব তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলাদের বুঝানোর দায়িত্ব আপনাদেরই সবচেয়ে বেশী। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই বলে জয়লাভ করা সহজ হবে। তা ভাববেন না। অনেক অনেক কঠিন হবে। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান ও বার বার বলে আসছেন যে, নির্বাচনে জয়ী হওয়া অনেক কঠিন হবে। ভীষণ কঠিন। সুতরাং অবশ্যই অবশ্যই কেউ অবহেলা করবেন না।
তিনি বলেন, দলের যে কোন পর্যায়ের নেতাই হোক, কারো বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজী, জমি দখল, বালু পাথর লোপাট এমনকি বিচার সালিশীতে দুর্নীতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নিজে বাদী হয়ে মামলা করে। পুলিশে সোপর্দ করা হবে। এব্যাপারে আমাদের নেতা বার বার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। যা আপনারাও জানেন। সুতরাং সাবধান হোন। যত বড় নেতাই হোক কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
















