শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ভিড় সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় বাড়ছেই।
সরেজমিনে আজ শনিবার সকালে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে অবস্থান করছে কয়েক শ বাস। এসব বাসে জামায়াতের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন। নেতা-কর্মীদের অনেকে জামায়াতের লোগো সংবলিত টি-শার্ট পরেছেন। কারও কারও মাথায় বাঁধা দলীয় ফিতা। অনেকে এনেছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে।
সমাবেশ সফল করতে জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মীর সমাগমের আশা করছেন দলটির নেতারা। নেতা-কর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

















