গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা অমার্জনীয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গোপালগঞ্জে আজ যে সহিংসতা হয়েছে তা সম্পূর্ণ অমার্জনীয়। বিপ্লবের বছরপূর্তীতে শান্তিপূর্ণ সমাবেশ করার পূর্ণ অধিকার আমাদের তরুণ নাগরিকদের আছে। এই অধিকার রুদ্ধ করা লজ্জাজনক মানবাধিকার লঙ্ঘন। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), পুলিশ এবং সাংবাদিকদের ওপর নৃশংস হামলা ও গাড়ি ভাঙচুর গভীরভাবে নিন্দনীয়।’
এতে আরও বলা হয়, ‘এই জঘন্য ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কোনো নাগরিকের ওপর এমন সহিংসতার স্থান বাংলাদেশে নেই। আমরা সেনাবাহিনী ও পুলিশকে তাদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানাই। হুমকির মধ্যেও যে-সব শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সমাবেশ চালিয়ে গেছেন, তাদের সাহসিকতাকে আমরা অভিনন্দন জানাই।’
এ ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে এতে বলা হয়, ‘এই নিষ্ঠুরতার জন্য যারা দায়ী, তাদের ন্যায় বিচারের মুখোমুখি করা হবে। পরিষ্কার ঘোষণা, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।’

















