নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি পায়ে ও কোমরে আঘাত পেয়েছেন। এ ঘটনায় তাঁর গাড়িচালকও আহত হয়েছেন।
মঙ্গলবার ১৭ মার্চ সকাল সাড়ে ছয়টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। আতিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম নাজমুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এ ঘটনায় গাড়িচালক আহত হয়েছেন। পুলিশ তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে জানতে আতিকুর রহমানের ফোনে ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর মামা হেলাল উদ্দিন বলেন, তিনি হালকা আঘাত পেয়েছেন, তবে এখন সুস্থ আছেন। তবে তাঁর গাড়িচালক আহত হয়েছেন।

















