আজ পবিত্র লাইলাতুল কদর। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়, তাই লাইলাতুল কদর বা শবে কদরকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে বলে হাদিসে বলা হয়েছে। তবে অধিকাংশ আলেম ২৬ রমজানের দিবাগত রাতকেই পবিত্র শবে কদর হিসেবে মত দিয়েছেন।
সারা বিশ্বের মুসলিমদের কাছে কদরের রাত অত্যন্ত মহিমান্বিত ও পুণ্যময়। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন তারা।
এ রাতের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে। লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে এই মহিমান্বিত রাত যেন জাতীয় জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে, সেই প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী বিশ্বের সব মুসলমানের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, লাইলাতুল কদরের শিক্ষা সবার ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। দেশ ও জাতির অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।

















