গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক দিয়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। মহাসড়কের বিভিন্ন স্থানে আজ সোমবার দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ।
ভিড় এবং বিরম্বনা এড়াতে ছুটি শুরু হওয়ার আগেই অনেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। তাদের সরব উপস্থিতি ও যানবাহনের বাড়তি চাপ থাকায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
সকাল থেকে যানবাহনের চাপ বাড়ায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। এছাড়া চান্দনা চৌরাস্তায় সড়কে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।
এছাড়া ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এই অংশ দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পোশাক কারখানা ছুটি হলে মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বাড়বে। এতে যানজটের শঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তাদের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
সব সরকারি-বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে রোজার ঈদ উদযাপিত হতে পারে।

















