বিএনপি ছাড়া অন্য কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের মানুষের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের পরিবর্তন চায় মানুষ। বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসলে দেশের মানুষের কোন লাভ হবে না। বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি ও কৃষক কার্ড পাবে জনগণ।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইপিজেডের সংখ্যা আরও বাড়ানো হবে। চট্টগ্রামসহ সবখানে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি।
বিএনপির চেয়ারম্যান বলেন, যেকোনো মূল্যে আমাদের সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে। অপরাধীর পরিচয় দল নিয়ে নয়। দুর্নীতি যে–ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা।
তারেক রহমান উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, আপনার বিএনপির পাশে থাকলে, সমর্থন দিলে, ধানের শীষকে যদি জয়যুক্ত করেন তাহইলে পরির্বতন আসবে। আপনার কি আছেন আমাদের সাথে?
বিএনপির চেয়ারম্যান বলেন, সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

















