⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

যার জনসমর্থন আছে বিএনপি তাঁকেই মনোনয়ন দেবে: তারেক রহমান

HTML tutorial

যার এলাকায় জনপ্রিয়তা আছে, যার এলাকার মানুষের সাথে সম্পর্ক ভালো, যার জনসমর্থন আছে তাঁকে আগামী নির্বাচনে বিএনপি মনোনয়ন দেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।

দুই পর্বের সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ সোমবার সকালে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি পুরো সাক্ষাৎকারটি বিবিসি বাংলার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবনযাপনকারী তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের নমিনেশনের (মনোনয়ন) ব্যাপারে সিদ্ধান্ত সবসময় কমবেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করবো- সেটি হচ্ছে অবশ্যই কোনও একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইবো, যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠাবসা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম।’

‘যে ওই এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ, তরুণ, নারী, মুরুব্বিসহ ছাত্র-ছাত্রী সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে। এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব, খুবই স্বাভাবিক। অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে। যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে। জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব।’

তৃণমূলের মতামত প্রাধান্য কম পায়—এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘যেখানেই গণতন্ত্র আছে, সেখানে মতামত থাকতেই পারে। বিভিন্ন রকম মতামত, অভিযোগ। হয়তো এক জায়গায় ৫০ জন আছে। ৫০ জনের মধ্যে ৩০ জন একটি কথা বলছে, ১৫ জন একটি কথা বলছে। বাকিরা আরেকটি কথা বলছে। তাহলে আপনি কি বলবেন যে মতামত নেওয়া হচ্ছে না? না। স্বাভাবিকভাবেই যেখানে আমরা মেজরিটির যেটা মতামত পাবো, এলাকার মানুষের কম বেশি। আমরা তো আমাদের মতন করে খোঁজ করছি। সেটি তৃণমূলই হোক বা সেটি সাধারণ মানুষের হোক।’

তারেক রহমান বলেন, ‘এখানে একটি বিষয় উল্লেখযোগ্য—আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না। আমরা নির্বাচন করছি, এমন একজন ব্যক্তিকে যেই শুধু দলেরই সমর্থন নয় বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে। আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি। এরকম একজন মানুষকে আমাদের দলের মনোনয়ন দিতে চাইছি। শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না। নির্বাচনে তো সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে। বিভিন্ন মানুষের অংশগ্রহণ থাকে। কাজেই যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করব, চেষ্টা করছি যার প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন আছে। শুধুমাত্র দলীয় সমর্থন নয়, এরকম মানুষ।’

HTML tutorial

Leave a Reply