চট্টগ্রাম সংবাদদাতা:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, “জামায়াত ভণ্ড ইসলামি দল। প্রকৃত ইসলামি দল নয়।” তারা প্রকৃত ইসলামকে ধারন করে না। মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।” বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি কমিনিউটি সেন্টারে ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’র ব্যানারে আয়োজিত ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
“জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল” বলে উল্লেখ করে তিনি বলেন, “তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না।”
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে ও হেফাতজের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী প্রমুখ।

















