ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিপ্ততিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে দেশগুলোর মধ্যে যেসব বিষয় নিয়ে বিরোধ আছে সেগুলো কূটনীতি এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে। জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় আমেরিকা। এরপর তাদের নিউইয়র্কে নেওয়া হয়। এ ঘটনার পর রোববার সকাল থেকে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন শহর, বন্দর ও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস-আদালত বন্ধ ছিল।
এদিকে মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার নিউইউর্কের আদালতে তোলা হয়। এর মাধ্যমে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৫ বছর ধরে চালিয়ে যাওয়া মাদক পাচারের মামলার আইনি লড়াই শুরু হয়।

















