ঢাকা অফিস : শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় শহীদ শরিফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি দলীয় শীর্ষ নেতাদের সাথে নিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত ও দোয়া শেষে সেখানেই দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার পর এটিই তাদের মধ্যে প্রথম সরাসরি সৌজন্য সাক্ষাৎ।
এ সময় তারা সংক্ষিপ্ত আলাপচারিতায় একে অপরের খোঁজখবর নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য কামনা করেন।
জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শহীদ হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান একই স্থানে শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিও জিয়ারত করেন। পুরো অনুষ্ঠানটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সূত্র : দৈনিক ইনকিলাব

















