আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫– এর কোর্স সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানাই।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের ঐতিহাসিক বিজয়ের এটি একটি বিশেষ মাস, ডিসেম্বর। আমাদের মুক্তিযুদ্ধে যারা প্রাণ উৎসর্গ করেছেন, আমরা সবাই অত্যন্ত গর্বের সঙ্গে সেই সমস্ত বীরদের স্মরণ করি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সম্ভব করতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন সব শিক্ষার্থী ও জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা।’
প্রধান উপদেষ্টা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহনকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরকেও ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি।

















