শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ রোববার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করীম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। স্পিকারের কাছে শপথ নেওয়ার পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সাথে করমর্দন করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু, এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে তিন শ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়া নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। অন্যদিকে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসন আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত হওয়া শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল বিজয়ী দুই সদস্যের (মাহমুদুল হক রুবেল এবং রেজাউল করীম বাদশা) গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনে বিজয়ী এমপিরা শপথ নেন। বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সব মিলিয়ে এই পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন। বাকি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা সারা হলেও আদালতের নির্দেশনা থাকায় তা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা নিয়ে মামলার নিষ্পত্তি শেষে সেই ফল ঘোষণা করা হবে।

















