নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুরে প্রকবিন সাংমা নামে এক ভুয়া চিকিৎসককে ৭ দিনের কারাদন্ডের পাশাপাশি ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিজানুর রহমান উপজেলার ফান্দা বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উপজেলার সদর ইউনিয়নের ফান্দা বাজারে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছিলেন প্রকবিন সাংমা নামে এক যুবক। চেম্বারে হার্বাল এবং হোমিও চিকিৎসাও দিয়ে আসছিরেন তিনি। ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ওষুধ লিখে ব্যবস্থাপত্র করতেন তিনি। এমন অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে বাজারের ওই যুবকের চেস্বারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তার সব সার্টিফিকেট ভুয়া পাওয়া যায়। তার করা রোগীদের ব্যবস্থাপত্রে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের জেল ও ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

















