জামালপুরের বকশীগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে বছির উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়। আর এই অর্থ বাদী পাবেন বলে নির্দেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত মো. বছির উদ্দিন জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের সন্তান।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, অভিযুক্ত বছির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরের টুপকারচরে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন বছির। ঘটনার পর ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন ও আসামিপক্ষের জেড়া শেষে এই রায় দেন বিচারক।

















